বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে নদীপথে দেশের বাইরে সিমেন্ট পাচারের প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি কার্গো ট্রাক, একটি পিকআপ ও ৩৪ ব্যাগ ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার মো. আলী (২৭) ও পটিয়া থানার চাপড়ি এলাকার তফজল আলী সোহেল (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরীঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশি সিমেন্ট একটি ট্রাকে করে ঘটনাস্থলে এনে ইঞ্জিনচালিত বোটে করে নদীপথে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে পুলিশের দাবি। অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে একটি ওপেন কার্গো ট্রাক, একটি সিঙ্গেল কেবিন পিকআপ ও ৩৪ ব্যাগ ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়।  

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা করা হয়েছে। মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫(বি) ও ২৫(ডি) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাঁশখালীর উপকূলীয় এলাকার ছনুয়া, গণ্ডামারা, খানখানাবাদ ও বাহারছড়া পয়েন্টে একটি চক্র বিভিন্নভাবে সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ছনুয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় এক গাড়ি সার জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মো. আরিফ হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন। চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত