গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে এক ব্যক্তির মোটরসাইকেল ও ৭৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের চৌধুরীপাড়া গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আনিছুর রহমান চৌধুরী সাঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি যাদুরতাইড় এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে আনিছুর রহমান সাঘাটা বাজার এলাকা থেকে চাচা শ্বশুর মো. শাহ আলীর কাছ থেকে ধার হিসেবে ৭৯ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বেলা ১১টার দিকে চৌধুরীপাড়া গেট এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার গলায় ধারালো রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে তার কাছ থেকে নগদ ৭৯ হাজার টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আনিছুর রহমান জানান, ঘটনার পর কোনো আইনি পদক্ষেপ নিলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে ছিনতাইকারীরা।
সাঘাটা থানার ওসি দুরুল হোদা লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, পুলিশ এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত হলে এবং সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।