আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামের বিল্লাল হোসেন (৩৮) মোটরবাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি রাধানগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তার ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর পৌনে ১২ টায় কুমিল্লা যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন বসুন্ধরা টিস্যু মিলের সামনে কুমিল্লাগামী লেনে পিছন থেকে অজ্ঞাত ট্রাক সজোরে ধাক্কা দিলে বিল্লাল হোসেনের মোটরবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি মাথায় ও ডান হাতে প্রচন্ড আঘাত পান। আহত অবস্থায় স্থানীয়রা তাকে সিএনজিতে করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসক খন্দকার আরশাদ হোসেন জানান, আহত ব্যক্তির দুই কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

বিল্লাল পেশায় একজন ইলেক্টিট্রিশিয়ান। রাধানগর বাজারে তার একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকান রয়েছে।

তার স্বজনরা জানায়, দোকানের মালামাল আনার জন্য বিল্লালের ঢাকা যাওয়ার কথা ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত