বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে রশিদ খানকে রাখেনি আফগানিস্তান

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে তারকা লেগ স্পিনার রশিদ খান ও ব্যাটার ইব্রাহিম জাদরানকে রাখেনি তারা। এক বিবৃতিতে জানিয়েছে, দুজনই এখন টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন। আগামী ৯ অক্টোবর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট। এই ম্যাচ দিয়েই আফগানিস্তানের দীর্ঘ আন্তর্জাতিক সূচির শুরু। টেস্টে প্রথমবার আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রহমত শাহ।

টেস্ট দলে ফিরেছেন তরুণ অলরাউন্ডার ইসমত আলম। দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার কামাল শাহিদউল্লাহ ও ডানহাতি পেসার ইয়ামিন আহমদজাইও। চলতি আহমদ শাহ আবদালি নামের প্রথম শ্রেণির টুর্নামেন্টে দারুণ পারফর্ম করছেন তাঁরা। কামাল ৭৬.৮৫ গড়ে ৫৩৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ইয়ামিন আহমদজাই ১২.৭৩ গড়ে নেন ৪২ উইকেট। চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি পেসার জিয়াউর রহমান। প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। লেগ স্পিনার খলিল গারবাজও ফিরেছেন টেস্ট দলে।

নিজেদের দল নিয়ে এসিবির প্রধান নির্বাহী নসিব খান বলেন, ‘টেস্ট ক্রিকেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই ফরম্যাটে আফগান দলের সাফল্যকে আরও শক্তিশালী ও বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এই প্রথমবার আমরা একটি টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশকে আতিথ্য দিচ্ছি।’

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৩ অক্টোবরের ফাইনালে খেলবে। সিরিজের ম্যাচগুলো আবুধাবি ও শারজায় অনুষ্ঠিত হবে। এই সিরিজের জন্যও আলাদা দল দিয়েছে আফগানরা।

আফগানিস্তান টেস্ট দল

রহমত শাহ (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শাহিদি, রহমানউল্লাহ গুরবাজ, কামাল শাহিদউল্লাহ, আফসার জাজাই, ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), ইসমত আলম, দারউইশ রাসুলি, জিয়া আকবর, খলিল গুরবাজ, সালিম সাফি, বাহির শাহ মেহবুব, ইয়ামিন আহমদজাই ও জিয়াউর রহমান শরিফি।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত