বরের ৬৪,কনের বয়স ৩২

ফের বিয়ে করলেন ‘মাস্ক’ তারকা জিম ক্যারি

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম

‘দ্য মাস্ক’খ্যাত হলিউড তারকা জিম ক্যারি ৬৪ বছর বয়সে এসে আবার বিয়ে করলেন। লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া পরিবেশে দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন এই তারকা। জিমের এটা তৃতীয় বিয়ে। জানা গেছে, মিন আহর বয়স ৩২ বছর। তবে বিয়ের সঠিক তারিখ ও অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন জিম ক্যারি। তাই বিয়ের আয়োজনও ছিল বেশ ব্যক্তিগত। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় জিম ক্যারি ও মিন আহকে। প্যারিসে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। ওই অনুষ্ঠানে জিম ক্যারিকে সম্মানসূচক সিজার পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণের বক্তব্যে মিন আহকে বিশেষভাবে উল্লেখ করেন জিম। ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি মিন আহকে নিজের বিশেষ সঙ্গী হিসেবে উল্লেখ করেন তিনি। 

 এর আগে ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেছিলেন তিনি। তাদের একটি মেয়ে রয়েছে, জেন এরিন ক্যারি। ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম ক্যারি। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে সেই সম্পর্কের ইতি ঘটে। ১৯৯৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত