কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ এএম

কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হুরমুজ আলী ওই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সেলিম মেম্বারের পক্ষের লোক বলে  জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ারহাট ইউনিয়নের সেলিম মেম্বার ও তোতা মিয়ার পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি একটি মামলায় সেলিম মেম্বারের পক্ষে রায় আসে। এরপর গতকাল সকালে সেলিম মেম্বারের লোকজন জমি দখলে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

স্থানীয়রা জানান, এ সময় তোতা মিয়ার পক্ষ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই হুরমুজ আলী নিহত হন। আহতদের মধ্যে রাজা মিয়া, তারিফুল ও শহিদ মিয়াসহ কয়েকজন রয়েছেন বলে জানা গেছে।

নয়ারহাট ইউনিয়নের গ্রামপুলিশ শ্রী গোবিন্দ বলেন, দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ঘটনাস্থলে আছি। নিহত ব্যক্তির সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত