নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে ঘরে ঘুমিয়ে থাকা তার স্ত্রী, শিশুসন্তান ও শাশুড়ি দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গত বুধবার গভীর রাতে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শাশুড়ি মোমেলা (৫৫), তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসা। অভিযুক্ত আলমগীর পাশের ঝাউগাঁও গ্রামের বাসিন্দা এবং তানিয়া আক্তার বৃষ্টির স্বামী।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাকিম জানান, গত বুধবার রাতে মোমেলা, তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসা বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় মোমেলা গুরুতর দগ্ধ হন। তার মেয়ে তানিয়ার হাত এবং নাতনি হাফসার নাক আগুনে দগ্ধ হয়।
এসআই হাকিম বলেন, তানিয়ার সঙ্গে তার স্বামী আলমগীরের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে আলমগীর ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আগুন দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ঘটনায় আলমগীরকে আসামি করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।