বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তের এমন কর্মকাণ্ডে স্পর্শকাতর একটি স্থাপনায় সরকারি কাজে বিঘ্ন ঘটেছে এবং নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। 

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি (মামলা নং-০৬) দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) যাত্রীদের চাপে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়।

উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের শান্ত করতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। সেখানে হঠাৎ ক্ষিপ্ত হয়ে মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ‘ঘাড় ধরে বের করে দিবো’ বলে প্রকাশ্যে হুমকি দেন। তিনি বিমান ও পর্যটন মন্ত্রী সম্পর্কেও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার একপর্যায়ে মেজর আখতারুজ্জামানের প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (কেপিআই) এলাকায় ভিডিও ধারণ শুরু করেন। এতে বাধা দিলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এছাড়া ট্রলি থেকে সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ফেলে দেওয়া এবং এয়ারলাইন্স প্রতিনিধির সাথে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তের এমন কর্মকাণ্ডে স্পর্শকাতর একটি স্থাপনায় সরকারি কাজে বিঘ্ন ঘটেছে এবং নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। পুলিশ দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি রুজু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চালাচ্ছে।

অভিযুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান পূর্বে বিএনপি থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫ বার বহিষ্কৃত হয়েছিলেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত