লালমনিরহাটকে ‘ভুট্টার রাজধানী’ করার ঘোষণা ত্রাণমন্ত্রীর

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

লালমনিরহাটকে একটি পূর্ণাঙ্গ কৃষি জেলা এবং দেশের ‘ভুট্টার রাজধানী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

​শুক্রবার (২ অক্টোবর) বিকেলে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় এলাকায় ‘ভুট্টা চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ​ত্রাণমন্ত্রী বলেন, গোটা বাংলাদেশে ব্র্যান্ডিং ফসল হিসেবে ভুট্টার পরিচিতি বাড়াতে একে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে।

বিগত এক দশকে লালমনিরহাটে ভুট্টার এক অভূতপূর্ব বিপ্লব ঘটেছে। এ সময় জেলাবাসীকে উদ্বুদ্ধ করতে তিনি নতুন এক স্লোগান উন্মোচন করেন- ‘ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর’।

​মন্ত্রী বলেন, লালমনিরহাটের ভুট্টাকে জিআই(ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে ব্র্যান্ডিং করার প্রক্রিয়া চলছে। এই চত্বরটি নির্মাণ সম্পন্ন হলে তা কেবল কৃষির ঐতিহ্যের প্রতীকই হবে না, বরং দর্শনার্থী ও পর্যটকদের জন্যও একটি অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে।

​কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে আসাদুল হাবিব দুলু জানান, তিস্তা ও ধরলার চরাঞ্চলসহ জেলার উর্বর জমিতে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বহুমুখী বিপণন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।

​জেলা কৃষি দপ্তরের তথ্যানুযায়ী, লালমনিরহাটের আবহাওয়া এবং দোআঁশ ও পলিমাটি ভুট্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। তিস্তা ও ধরলার বালুচরে এখন বাণিজ্যিকভাবে বিপুল পরিমাণ ভুট্টা উৎপাদন হচ্ছে। প্রান্তিক ও বর্গা চাষিদের পাশাপাশি গ্রামীণ নারীরাও ভুট্টা মাড়াই, শুকানো ও সংরক্ষণের কাজে যুক্ত হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এছাড়া দেশের পোল্ট্রি, মৎস্য ও ডেইরি ফিড শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে এই জেলার ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে।

​ভুট্টা চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মন্ত্রী সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন। 

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতারা।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত