ঠুনকো অজুহাতে আখতারুজ্জামানের আটক ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম

ঠুনকো অজুহাতে বীর মুক্তিযোদ্ধার আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের ও তড়িঘড়ি করে তাকে আটকের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও অশুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে সেলিম উদ্দিন বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ভিআইপি ও সংসদ সদস্যদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ পার্লামেন্টারিয়ান, যিনি দেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন, তিনি বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় তার ওপর ক্ষুব্ধ হয়ে মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, যিনি যুদ্ধ না করলে দেশ স্বাধীন হতো না, সেই বীর মুক্তিযোদ্ধাকে সামান্য কথা- কাটাকাটির ঘটনায় কোনো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ না করে উল্টো মামলা দেওয়া এবং তড়িঘড়ি করে তাকে আটকের ঘটনা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না। এমন ঠুনকো অজুহাতে মামলা দায়ের করে আটকের ঘটনার সংস্কৃতি দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয়।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী মানসিকতা পরিহার করে আইনের শাসন ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবে বলেই জাতি প্রত্যাশা করে। কিন্তু দায়িত্বশীল জায়গাগুলোতে এখনো যদি অতীত স্বৈরাচারী কায়দায় তুচ্ছ কারণে মামলা দিয়ে হয়রানি করা হয়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে মেজর(অব.)আখতারুজ্জামানের মামলা প্রত্যাহার এবং তাকে ডিবি অফিস থেকে ছেড়ে দেয়ার আহ্বান জানান। 

সর্বশেষ সর্বাধিক পঠিত