রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেনÑ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে প্রকল্পটির ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় আহত নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে।