কৃতজ্ঞতার অনন্য সাজে রোজারিও সেজেছে মেসির জার্সিতে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে এক ঐতিহাসিক সমাপ্তির দিকে। আর কয়েকঘণ্টা বাদেই বিশ্ব ফুটবলের রূপকথার এক দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামছেন লিওনেল মেসি। এই বিদায়লগ্নে কেবল একটি স্টেডিয়াম নয়, পুরো আর্জেন্টিনা এবং বিশেষ করে এলএমটেনের জন্মশহর রোজারিও সেজেছে এক অভূতপূর্ব আবেগ ও ভালোবাসার আল্পনায়। 

মেসির এই মহিমান্বিত বিদায়কে স্মরণীয় করে রাখতে তার জন্মশহর রোজারিও এক অনন্য সম্মাননা জানিয়েছে। জার্মান ক্রীড়াসামগ্রী জায়ান্ট অ্যাডিডাসের উদ্যোগে শহরের বিখ্যাত ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে টাঙানো হয়েছে প্রায় ৩০ মিটার দীর্ঘ এক বিশাল জার্সি। সোনালি রঙে ‘গ্রাসিয়াস’ (যার অর্থ ধন্যবাদ) ও মেসির অমর প্রতীকী নম্বর ‘১০’ খচিত এই বিশাল জার্সিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। 

শৈশবের সেই চেনা মাটির মানুষের প্রতি সমগ্র দেশের কৃতজ্ঞতা প্রকাশ করার এ এক দারুণ প্রতীকী মাধ্যম, যেখানে বিশ্বজুড়ে ছুটে আসা ভক্তরা শেষবারের মতো প্রিয় তারকার ঐতিহাসিক এই নিদর্শনের সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করছেন নিজেদের স্মৃতির পাতা।

এদিকে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে শেষ বারের মতো জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে সময় কাটিয়েছেন মেসি। এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে শেষ অনুশীলন সেরে সতীর্থ, কোচিং স্টাফ ও এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে একটি বিশেষ গ্রুপ ছবিতে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। রাতের খাবার শেষ করার আগে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই আবেগঘন ছবিটি পোস্ট করে মেসি লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এগুলো খুব মিস করব।’ 

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) এই মহাতারকার বিদায়কে স্মরণীয় করে রাখতে সাজিয়েছে বর্ণাঢ্য আয়োজন। ম্যাচ শুরুর আগে সাংস্কৃতিক পরিবেশনা, স্টেডিয়ামের প্রকাণ্ড স্ক্রিনে তার সোনালী ক্যারিয়ারের নানা রোমাঞ্চকর মুহূর্তের ভিডিও প্রদর্শন এবং ম্যাচ শেষে তার হাতে বিশেষ স্মারক জার্সি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এই বিদায় কেবল একটি ম্যাচের সমাপ্তি নয়, বরং এটি একটি যুগের রাজকীয় ইতি।

বেনিনের বিপক্ষে এই ম্যাচটি হতে চলেছে আর্জেন্টিনার জার্সিতে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম ম্যাচ। এর আগের ২০৭টি ম্যাচে মাঠে নেমে তিনি করেছেন ১২৫টি গোল এবং ৬৮টি অ্যাসিস্ট। 

সর্বশেষ সর্বাধিক পঠিত