জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন তরুণকে বাংলাদেশে ঠেলে পাঠায় (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার অতিক্রম করিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরবর্তী সময়ে ওই তিন যুবক সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে পৌঁছালে স্থানীয় অধিবাসীরা তাদের আটকে রেখে বিজিবিকে সংবাদ দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সীমান্তের মূল পিলারের কাছে নিয়ে যান এবং পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত পাঠান।
এ বিষয়ে বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন জানান, বিএসএফ ওই তিন যুবককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিয়েছিল, তবে বিজিবি তাদের আবার ভারতে ফেরত পাঠিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিএসএফের সঙ্গে আয়োজিত প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সমাধান মেলেনি। বিষয়টি নিষ্পত্তিতে চার ঘণ্টা পর পুনরায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।