মোবাইল ফোনে নারীকণ্ঠে কথা বলে নিজেকে ‘সুমাইয়া আক্তার’ পরিচয় দিয়ে এক ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে নাটোরের লালপুরে। শুধু তাই নয়, প্রতারণার অংশ হিসেবে নিজের বাবাকেও ওই প্রবাসীর শ্বশুর সাজিয়ে কথোপকথন চালানো হয়। পরে বাবা-ছেলে মিলে ওই প্রবাসীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার গন্ডবিল গ্রামের একটি টিনসেট বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—গন্ডবিল গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. শান্ত আলী (২০) এবং তার বাবা মো. শহিদুল ইসলাম (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) এ. জে. মিন্টুর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গন্ডবিল গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের অভিযোগ, আটক শান্ত আলী নারীকণ্ঠে কথা বলে ‘সুমাইয়া আক্তার’ নামে পরিচয় দিয়ে ইতালি প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম ও বিয়ের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই প্রবাসীকে বিয়ের বিষয়ে রাজি করানো হয়। প্রতারণার কৌশল হিসেবে শান্ত আলী তার বাবা শহিদুল ইসলামকে ওই প্রবাসীর ‘শ্বশুর’ পরিচয়ে কথা বলাতেন। অভিযোগ রয়েছে, বাবা-ছেলে পরস্পরের সহযোগিতায় ওই প্রবাসীর কাছ থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।
এ ঘটনায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে শান্ত আলী ও শহিদুল ইসলামের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, আটক দুজনকে বুধবার (৭ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। প্রতারণার ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।