বিরতি ভেঙে অভিনয়ে জারা মনি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর এবার নতুন নাটকের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন তরুণ অভিনেত্রী জারা মনি। । সম্প্রতি তিনি শেষ করেছেন রতন রহমান পরিচালিত ‘মা যখন বৃদ্ধাশ্রমে’ নাটকের কাজ। নাটকটির গল্পে পরিবার, সম্পর্ক ও আবেগের নানা দিক উঠে এসেছে বলে জানান জারা। পাশাপাশি একটি ওভিসিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। নতুন করে কাজে ফেরার পর এখন থেকে নিয়মিত অভিনয় করার পরিকল্পনার কথাও জানিয়েছেন জারা মনি।

 অভিনয়ে ফেরার অনুভূতি জানিয়ে জারা মনি বলেন, ‘অভিনয় থেকে কিছুদিন দূরে ছিলাম। নানা কারণে নিয়মিত কাজ করা হয়ে ওঠেনি। তবে অভিনয়টা সবসময়ই ভালোবাসি। তাই আবারও কাজে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন নাটকটির গল্প ও চরিত্র ভালো লেগেছে বলেই কাজটি করেছি।’ এই অভিনেত্রী আরও বলেন, ‘এখন থেকে নিয়মিত অভিনয় করতে চাই। ভালো গল্প ও চরিত্র পেলে কাজের পরিমাণ নয়, কাজের মানকে গুরুত্ব দিয়েই এগিয়ে যেতে চাই। দর্শকের জন্য নতুন কিছু করার ইচ্ছা আছে। আশা করছি, সামনে নিয়মিতই আমাকে বিভিন্ন নাটক ও অন্যান্য কাজের মাধ্যমে দেখা যাবে।’

দীর্ঘ বিরতির পর জারা মনি এখন তার অভিনয় শৈলী দিয়ে আবারও নাটকপাড়ায় ব্যস্ত হতে চেষ্টা করে যাচ্ছেন। নতুন কাজের মাধ্যমে অভিনয়ে নিজের জায়গাটিকে আরও শক্ত করতে চান এই অভিনেত্রী।

সর্বশেষ সর্বাধিক পঠিত