তাকওয়া মসজিদে চার দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) প্রদর্শনী শুরু

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ধানমন্ডি তাকওয়া মসজিদ সোসাইটির উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ সিরাতুন্নবী (সা.) প্রদর্শনী শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে।

প্রদর্শনী পরিদর্শন করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা, আকিজ-বশির গ্রুপের চেয়ারম্যান ও তাকওয়া মসজিদ সোসাইটির সভাপতি শেখ বশির উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন ড. মঞ্জুরে এলাহী, প্রফেসর ড. এ কে এম আজিজুল হক ও আল্লামা সাইফুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

চার দিনব্যাপী এ আয়োজনে সেমিনারের পাশাপাশি রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মভিত্তিক ব্যতিক্রমী প্রদর্শনী। এতে মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান, ইসলামী ঐতিহ্য এবং পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীর প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। এ ছাড়া রয়েছে আধুনিক ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল উপস্থাপনা এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন।

নারীদের জন্য প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এরপর পুরুষ দর্শনার্থীরা প্রদর্শনী পরিদর্শন করতে পারবেন। আগামী সোমবার পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে মহানবী (সা.)-এর পবিত্র জীবন, শিক্ষা, আদর্শ ও মানবিক মূল্যবোধ সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত