অনুষ্ঠিত হলো ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডস

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে নির্মিত কনটেন্ট, শিল্পী ও নির্মাতাদের স্বীকৃতি দিতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’। ইস্পাহানি গ্রুপ ও দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার জনপ্রিয়, সমালোচক, সংগীত ও ব্যক্তিগত কনটেন্ট বিভাগসহ মোট ২৮টি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। নুহাশ হুমায়ূনের ‘দুই ষ’ সেরা পরিচালকসহ সমালোচক বিভাগে মোট আটটি পুরস্কার অর্জন করে। ‘বোহেমিয়ান ঘোড়া’ সেরা নাটক/সিরিজ এবং ‘ঘুমপরী’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয়।

জনপ্রিয় বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হন আফরান নিশো এবং সেরা অভিনেত্রী হন মেহজাবীন চৌধুরী। অন্যদিকে, সমালোচক বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পান মোশাররফ করিম এবং সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তমা মির্জা।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। এ সময় অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা তারিক আনাম খান ও লেখক ইমদাদুল হক মিলনসহ বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং দেশের বিনোদনশিল্পের ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের রেড কার্পেট পর্ব উপস্থাপনা করেন প্রিয়ন্তী উর্বী ও প্রান্তর দস্তিদার। মূল অনুষ্ঠান উপস্থাপনা করেন আফসান আরা বিন্দু ও রাফসান সাবাব।

সন্ধ্যাজুড়ে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। উদ্বোধনী পরিবেশনায় অংশ নেন সারিকা সাবাহ ও আলিফিয়া স্কোয়াড। এরপর সুনেহরা কামাল, ইরফান সাজ্জাদ ও মেহজাবীন চৌধুরীর পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। সবশেষে বাংলা সিম্ফনির পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক আয়োজন শেষ হয়।

আয়োজকদের মতে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলা কনটেন্টের প্রসার এবং নির্মাতাদের সাহসী, উদ্ভাবনী ও অর্থবহ গল্প তুলে ধরতে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পঞ্চমবারের এ আয়োজন বাংলাদেশের ডিজিটাল বিনোদনজগতের সৃজনশীলতা, প্রতিভা ও উৎকর্ষকে স্বীকৃতি দেওয়ার ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত