দুধকুমার নদে গোসলে নেমে শিশু নিখোঁজ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে আলমিনা (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী ক্লিনিকের পাশের নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ আলমিনা ওই গ্রামের বাসিন্দা আলী হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে বাড়ির কাছেই বোয়ালমারী ক্লিনিকসংলগ্ন দুধকুমার নদে আলমিনাসহ তিনজন গোসল করতে নামে। এ সময় সে স্রোতে ভেসে যায়। অন্য দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও আলমিনা নদে তলিয়ে যায়।

তীরে উঠে ওই দুজন চিৎকার করে বিষয়টি জানালে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয়রা নদে আলমিনার খোঁজাখুঁজি শুরু করে। তবে তাকে খুঁজে না পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে উদ্ধার তৎপরতা চালালেও শিশুটির সন্ধান পায়নি। পরে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুরে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে।

ঘটনাস্থলে থাকা নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, নিখোঁজ আলমিনাকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত