দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০২:২০ এএম

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় সেই পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে এ কথা জানান।

তিনি জানান, সামনে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। পূজা যেন শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীরা পালন করতে পারেন সেদিকে খেয়াল রাখতে দলের স্থায়ী কমিটির সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কোনো অশুভ চক্র যাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নির্দেশ দেন তিনি। সভায় জানানো হয়, ইতিমধ্যে দলের পক্ষ থেকে জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থায়ী কমিটির ওই সদস্য জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর জাপান সফরের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই বৈঠক শুরু হয়ে রাত সাড়ে আটটার দিকে শেষ হয়। বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাঈল জবিউল্লাহ।

সর্বশেষ সর্বাধিক পঠিত