জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় এখনো ১১৬ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। খবর রয়টার্স।
রবিবার (১১ অক্টোবর) আইওএম জানায়, প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে রওনা হয়েছিল। পথে নৌকাটি ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ৮ ও ৯ অক্টোবরের মধ্যবর্তী রাতে জিবুতির বন্দরনগরী ওবকের উত্তরে গুহেরে এলাকার কাছে নৌকাটি ডুবে যায়। বেঁচে যাওয়া ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে আইওএম।
দুর্ঘটনার পর ৮০ জনের বেশি যাত্রী প্রাণে বেঁচে যান। তাঁদের সবাই ইথিওপিয়ার নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি।