ক্যাশলেস লেনদেন প্রসারে মিডল্যান্ড ব্যাংকের ‘বাংলা কিউআর’ সেবা চালু

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে ‘বাংলা কিউআর’ সেবা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।

বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকেরা সমর্থিত মোবাইল ব্যাংকিং অ্যাপ ও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্চেন্টের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। এ সেবা দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমতিয়াজ ইউ. আহমেদ বলেন, ‘বাংলা কিউআর সেবা চালু মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল রূপান্তরের যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সেবার মাধ্যমে আমরা গ্রাহক ও মার্চেন্টদের নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে চাই। একই সঙ্গে বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রায় অবদান রাখতে চাই।’

এ উদ্যোগের মাধ্যমে আরও বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার পাশাপাশি দেশব্যাপী কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার সম্প্রসারণে কাজ করবে মিডল্যান্ড ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলা কিউআর মার্চেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট সেবা আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাংকটি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত