শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ১৩ অক্টোবর, কলকাতা থেকে প্রকাশিত হচ্ছে 'কবিতার গানের' শিল্পী হিসেবে খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন ভারতের নন্দিত সংগীতশিল্পী গৌতম ঘোষাল। কলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিতব্য এটি ঐশিকার দ্বিতীয় গান। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উদয় ব্যানার্জির ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’ গানটি প্রকাশিত হয়েছিল কলকাতার এই প্রকাশনা সংস্থাটি থেকে। গানটি ছিল শুভমিতা ব্যানার্জির গাওয়া বিখ্যাত গান ‘যদি বন্ধু হও গানের সিক্যুয়াল। গানটি দুই বাংলার শ্রোতাদের কাছেই প্রশংসিত হয়েছিল।
ঐশিকার কণ্ঠমাধুর্য ও গায়কী শৈলী বেশ শ্রোতানন্দিত হয়েছে গত দেড় দশক ধরে। এক প্রশ্নের জবাবে ঐশিকা বলেন, 'রেকর্ডিংয়ের ক্ষেত্রে খুব সতর্ক তিনি এবং খুব বেছে বেছে গান করেন বলে তার গানের সংখ্যা খুব বেশি নয়'। পিতা প্রখ্যাত সুরকার শাহীন সরদারের সুরারোপিত একটি গানের সিডিতে একক কণ্ঠ দিয়ে প্রায় এক যুগ আগে সাংস্কৃতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন ঐশিকা নদী। ব্যতিক্রমী কণ্ঠ এবং উপস্থাপনার জন্য সহজেই জায়গা করে নেন তিনি শ্রোতা হৃদয়ে।
ঐশিকা একাধারে বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগ থেকে স্নাকোত্তর শেষ করেছেন। তার কন্ঠ এবং গায়কীতে রয়েছে উচ্চমানের স্বকীয় শৈলী। চলতি বছরের ১৫ জুলাই কলকাতার স্টুডিও রেজোনেন্সে রেকর্ড করা ঐশিকার এই নতুন গানটির সংগীতায়োজনে ছিলেন পার্থ পাল এবং শব্দ প্রকৌশলে কাজ করেছেন ভারতবর্ষের বিখ্যাত শব্দপ্রকৌশলী সঞ্জয় ঘোষ। গানটি রেকর্ডিং করা হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। এছাড়াও ভিডিও পরিচালনা করেছেন স্থপতি শুভ ইসলাম।
গানটি প্রসঙ্গে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন শিল্পী শুভমিতা, সুরকার-গীতিকার গৌতম ঘোষাল ও সুচিত্রা মিউজিকের কর্ণধার শংকর হালদার। গানটি এবারের পূজায় ঢাকা ও কলকাতায় একযোগে প্রকাশিত হবে বলে জানায় সুচিত্রা মিউজিক।
মসজিদে বিয়ে সারলেন কণ্ঠশিল্পী শারমিন আক্তার
ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা
ইচ্ছে ছিল গায়িকা হওয়ার অভিনয়েই স্থায়ী হলাম