শিশুর মৃত্যু নিয়ে হাসপাতালে বিক্ষোভ, রফা হলো ১৩ লাখ টাকায়

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত ৬ বছরের শিশু মোহাম্মদ আয়ানের মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে ১৬ ঘণ্টা বিক্ষোভ করেছেন স্বজন ও স্থানীয়রা। পরে দুইপক্ষের বৈঠকে ১৩ লাখ টাকার বিনিময়ে সমঝোতা হয় বলে জানা গেছে।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বটতলী রুস্তমহাট এলাকার ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আয়ানের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, চিকিৎসক ডা. মোহাম্মদ আরমান প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। এরপর পরই শিশুটির মৃত্যু হয়।

এনিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সমঝোতা অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ ২ লাখ টাকা নগদ দেয়, ৩ লাখ টাকার একটি চেক দেয় এবং বাকি ৮ লাখ টাকা ২০ অক্টোবরের মধ্যে পরিশোধের চুক্তি করে। এরপর স্বজনরা শিশুর মরদেহ নিয়ে বাড়ি ফিরে যান।

শিশুটির মামা মো. সাইফুল ইসলাম সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোমেন কান্তি দেব জানান, দুইপক্ষের সমঝোতার পর স্বজনরা আইনি পদক্ষেপ না নিয়ে লিখিত চুক্তির মাধ্যমে মরদেহ নিয়ে যান।

তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান দাবি করেন, শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে তাদের কাছে ২০ লাখ টাকা দাবি করা হয় এবং হাসপাতাল ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনা ঘটে। হাসপাতাল জ্বালিয়ে দেওয়ার হুমকির মুখে তারা সমঝোতায় বাধ্য হন বলে তিনি অভিযোগ করেন।

এছাড়া শিশুর মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জামশেদ গিয়াস উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কমিটির প্রধান জানিয়েছেন।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত