উদ্বোধনের দুদিনেই দখল দেশের প্রথম সাইকেল ট্র্যাক

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

উদ্বোধনের ঠিক দুই দিন পরের ঘটনা। দুপুর তিনটায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিমানবন্দর সড়কে গিয়ে দেখা গেল, দৃষ্টিনন্দন সাইকেল ট্র্যাকের ওপর দাঁড়িয়ে আছে রডবোঝাই একটি ট্রাক। একটু এগোতেই চোখে পড়ে প্রাইভেট কার, রিকশা ও মোটরসাইকেলের সারি। অথচ এর মাত্র দেড় ঘণ্টা আগেই একই স্থানে অভিযান চালিয়ে অবৈধ গাড়ি জব্দ ও জরিমানা করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। কিন্তু অভিযান শেষ হতেই ফিরে এসেছে আগের পরিচিত চিত্র।

শুক্রবার সকালে দেশের প্রথম ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই সাইকেল ট্র্যাকটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে উদ্বোধনের পরদিন শনিবার থেকেই এটি কার্যত পরিণত হয় পতেঙ্গার অবৈধ পার্কিং জোনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নগরবাসীর তীব্র ক্ষোভ প্রকাশের পর রোববার দুপুরে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সিএনজি অটোরিকশা জব্দ এবং নিয়ম ভঙের দায়ে একটি প্রাইভেট কার ও কাভার্ডভ্যানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, অভিযান প্রশ্নের মুখে চালকরা জানিয়েছন এটি যে শুধু সাইকেল চালানোর জন্য নির্ধারিত 'বিশেষ ট্র্যাক', তা তারা 'জানতেনই না'। সড়ক লাগোয়া কেয়ারির মাঝের ফাঁকা অংশ দিয়ে তাই তারা অনায়াসেই ট্র্যাকে গাড়ি ঢুকিয়ে দিচ্ছেন।

এ দিকে সাইকেল ট্র্যাকে গাড়ি পার্কিং করে রাখায় হতাশা প্রকাশ করেছেন, দূর দূরান্ত থেকে সাইকেল চালাতে আসা নগরবাসী। হালিশহরের বাসিন্দা আজমল হোসেন বলেন, ফেসবুক দেখতেছি দেশের প্রথম সাইকেল ট্র্যাক চট্টগ্রাম উদ্বোধন করা হয়েছে। তাই এখানে সাইকেল চালাতে এসেছি। এসে দেখি আগে গাড়ি পার্কিং করা। এটা কোন কাজেই আসছে না।

স্থানীয় বাসিন্দা মো. সোহাইল বলেন, এখনই যদি কঠোর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে নগরীর সাধারণ ফুটপাতগুলোর মতোই এই বিশেষ সাইকেল ট্র্যাকটিও হকার ও অবৈধ যানবাহনের দখলে চলে যাবে।

উদ্বোধনের পর পরই পার্কিংয়ের দখলে যাওয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ খোদ চসিক মেয়র শাহাদাত হোসেন। শনিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাকে লরি রাখা হচ্ছে, এটি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ববোধের অভাব নির্দেশ করে। শুধু সচেতনতার কথা বললেই হবে না, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন দেশ রূপান্তরকে বলেন, সাইকেল ট্র্যাকে গাড়ি ঢোকার সুবিধাজনক ফাঁকা অংশগুলো দ্রুত বন্ধ করা হবে, যেন কেবল সাইকেলই প্রবেশ করতে পারে। পাশাপাশি নজরদারি বাড়াতে ট্র্যাকে সাঁটানো হবে সুস্পষ্ট নির্দেশক সাইনবোর্ড। এছাড়া নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পার্কিংয়ে গাড়ি পেলেই জব্দ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত