কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের স্টোররুমে রাখা ৬০ সেট নতুন কম্পিউটারের মধ্যে ৪৬ সেটের মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া যন্ত্রাংশের মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা বলে ধারণা করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ ঘটনায় কলেজের চিফ ইন্সট্রাক্টর (টেক) মোহাম্মদ হাসেম বাদী হয়ে আজ রবিবার (১১ অক্টোবর) সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মঞ্জুরুল হাসান তালুকদার।
অধ্যক্ষ মঞ্জুরুল হাসান তালুকদার জানান, প্রতিষ্ঠানের নির্মাণকাজ শেষ না হওয়ায় ঠিকাদার এখনো তাদের কাছে ভবনটি বুঝিয়ে দেননি। এ ছাড়া সীমানাপ্রাচীরও নির্মাণ করা হয়নি। ফলে পুরো প্রতিষ্ঠানটি অরক্ষিত অবস্থায় রয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সরকার হান্ড্রেড টিএসসি প্রকল্পের আওতায় চলতি বছরের মার্চে প্রতিষ্ঠানটিকে ৬০ সেট নতুন কম্পিউটার সরঞ্জাম দেয়। সেগুলো কলেজের দ্বিতীয় তলার একটি অস্থায়ী স্টোররুমে রাখা হয়েছিল। রোববার সকালে এসে কক্ষটির তালা ভাঙা দেখতে পান তাঁরা। পরে ভেতরে ঢুকে ৪৬ সেট কম্পিউটারের সিপিইউ থেকে প্রসেসর, র্যাম ও হার্ডডিস্কসহ মূল্যবান যন্ত্রাংশ খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ নয় সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বলে জানান অধ্যক্ষ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার যন্ত্রাংশ চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। চোরচক্রকে শনাক্ত ও চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধারের চেষ্টা চলছে।