ইসলামী চিন্তাবিদ ও আলেম মুফতি ড. সাইয়্যদে মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। এসময় সরকার পরিচালনায় এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চান তিনি।
সাক্ষাৎকালে দেশের সামগ্রিক পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের ভবিষ্যৎ উন্নয়ন- অগ্রযাত্রা, রাষ্ট্র পরিচালনা ইসলামি মূল্যবোধকে ধারণ এবং সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় আলেমসমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আব্বাসী মঞ্জিলে দুপুরে এই সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে মো. রাশেদ খাঁন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সক্রিয় ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সরকার পরিচালনায় তার সহযোগিতা প্রত্যাশা করেন।
রাশেদ খাঁন বলেন, আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী আন্দোলন এবং জুলাই গণভ্যুথানে ড. এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ও আলেম-ওলামাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ভূমিকা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না।
রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, বিএনপির সঙ্গে দেশের আলেম সমাজের ঐতিহাসিকভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ইসলামী আদর্শ এবং মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এসময় তিনি ‘বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ নামক একটি বই ড. এনায়েতুল্লাহ আব্বাসীর হাতে তুলে দেন।
অন্যদিকে, মুফতি ড. সাইয়্যদে মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন ইসলামী ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আলেম-ওলামা ও ইসলামপন্থী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। দেশের ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণে তাঁদের ভূমিকার কথাও তিনি স্মরণ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি সরকার ইসলামী মূল্যবোধ বিরোধী কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না এবং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আলেম ওলামাদের পরামর্শ নেবেন। পাশাপশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।
দুর্গোৎসবে বিশৃঙ্খলার জন্য আ.লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন