সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এতে সাংবাদিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের ব্যবস্থা থাকবে। গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া সারিন্দা সাফারি রিসোর্টে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই একদিন বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আমরা আশা করি। তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উন্নয়নের যে রাজনীতি শুরু করেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জাকির হোসেন বাবলু, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এবং ডিআইজি মোহাম্মদ জাহেদুল ইসলাম।