পায়রা নদীতে মা-ইলিশ শিকারের মচ্ছব

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ এএম

মা-ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে থামছে না ইলিশ শিকার। গতকাল রবিবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়ার হাজিরহাট ও রাজাগঞ্জের মধ্যবর্তী নদীতে অন্তত ৩০ থেকে ৩৫টি মাছ ধরার নৌকা নিয়ে জেলেদের ইলিশ শিকার করতে দেখা গেছে। প্রশাসনের অভিযান চলার কথা থাকলেও প্রকাশ্যে মাছ ধরার এমন দৃশ্য নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, পায়রা, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধরা হচ্ছে মাছ। পাঙ্গাশিয়া, আলগী, লেবুখালী, আঙ্গারিয়া, মুরাদিয়াসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় এই তৎপরতা চলছে।

স্থানীয়দের অভিযোগ, মাছ ধরার নৌকায় শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে জেলেরা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছেন। ফলে অভিযানকারী দলের পক্ষে সব এলাকায় একসঙ্গে নজরদারি করা কঠিন হয়ে পড়ছে।

এর আগে ৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত নিয়মিত অভিযানে দুটি ইঞ্জিনচালিত নৌকা ও ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার কথা জানিয়েছে উপজেলা মৎস্য কার্যালয়। তবে জনবল, বাজেট ও দ্রুতগতির নৌযানের সংকটের কারণে অবৈধ মাছ শিকার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, নিষেধাজ্ঞার সময় নদীতে ধরা ইলিশের একটি অংশ গোপনে কেনাবেচা ও মজুদ করা হচ্ছে। উপজেলার হাজিরহাট, লেবুখালী ফেরিঘাট, ভাঙ্গার মাথা, আঙ্গারিয়া বন্দর, পাতাবুনিয়ার হাট, জেলেপাড়া, উত্তর মুরাদিয়া ও জোয়ারগরবদিসহ বিভিন্ন ঘাটে বরফের বাক্সে ইলিশ মজুদ রাখার অভিযোগ উঠেছে।

পাঙ্গাশিয়া এলাকার বাসিন্দা ফারুক হোসেন বলেন, এভাবে নির্বিচারে মা-ইলিশ ধরা হলে অচিরেই নদীগুলো ইলিশশূন্য হয়ে পড়বে। ভবিষ্যতে বাজারে ইলিশ পাওয়া কঠিন হয়ে যাবে। অবিলম্বে প্রশাসনের কঠোর ও নিয়মিত অভিযান চালানো প্রয়োজন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের টহল দল একটু আগেই ওই এলাকা থেকে ঘুরে এসেছে। জনবল ও একটি মাত্র টহল দল থাকায় সব জায়গায় সমানভাবে নজরদারি করা কঠিন হচ্ছে। তবে আমরা টহল দল বাড়ানোর চেষ্টা করছি।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, তিনি সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় ব্যস্ত ছিলেন। খোঁজ নিয়ে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত