ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান শেষে ফেরার পথে বিজিবির টহলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে নোমান আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় আহত হয়েছেন এক বিজিবি সদস্যও।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি টহলদল। এ সময় চোরাচালানের পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার মুখে পড়ে টহলদলটি। বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীদের প্রথমে মৌখিকভাবে সতর্ক করা হয়। পরে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হলেও হামলা অব্যাহত থাকে। এতে এক বিজিবি সদস্য আহত হন। একপর্যায়ে নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষায় আত্মরক্ষামূলক গুলি চালান বিজিবি সদস্যরা। এ সময় নোমান আলী গুলিবিদ্ধ হন।
পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নোমান আলী উপজেলার বেতকুড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত আলাল উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নোমান আলী স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন গণমাধ্যমকে জানান, নিহতের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় হালুয়াঘাট থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপি সদস্যের মৃত্যু