তিন বছর আগে (২০২৩ সালে) মুক্তি পেয়েছিল 'অর্ধাঙ্গিনী'। খাতা-কলমে বিচ্ছেদ হওয়ার পরও কি সম্পর্ক চুকে যায়? ভোলা যায় সমস্ত অনুভূতি, অভ্যাস, ছোটখাটো জিনিস? এ রকম বেশ কয়েকটি জটিলতা তুলে ধরা হয়েছে ছবিটিতে। দর্শকের চাহিদা ও অনুরোধ বিবেচনায় কৌশিক গাঙ্গুলি নির্মাণ করেন এর সিক্যুয়াল ‘আজও অর্ধাঙ্গিনী’। পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে ১০০ দিন পার করেছে গত ১০ জুলাই। মুক্তির পর দর্শকের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে সিনেমাটি। বিশেষ করে জয়া আহসানের অভিনীত চরিত্রটি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
এবারও সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছেন সুমন। তার জীবনকে ঘিরে আবারও মুখোমুখি হন সাবেক স্ত্রী শুভ্রা এবং বর্তমান স্ত্রী মেঘনা। অতীতের স্মৃতি, বর্তমানের বাস্তবতা এবং সম্পর্কের নতুন সমীকরণ মিলিয়ে এগিয়ে যায় কাহিনী। এই আবেগঘন গল্পকে আরও প্রাণবন্ত করে তুলেছেন অভিনেতা কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসান। নতুন অধ্যায়ে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্ম গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ১০০ দিনের ভালোবাসা, ১০০ দিনের পথচলা! দর্শকদের ভালোবাসায় আজও অমলিন ‘আজও অর্ধাঙ্গিনী’। এই জয় আপনাদের, এই উদযাপন আপনাদের নিয়েই!