বগুড়ার দুপচাঁচিয়া ও ধুনটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হন।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক উজ্জল সরকার ও আরোহী শিকর। তাদের দুজনের বাড়ি ধুনট উপজেলায়।
ধুনট পুলিশ জানায়, দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলযোগে ধুনটের দিকে আসছিলেন ওই দুইজন। এ সময় ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক মাঠপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক উজ্জল সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অপরদিকে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়ায় বাস ও ব্যাটারিচালিত ইজিবাইক এর মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুপচাঁচিয়া- আক্কেলপুর সড়কে মাঠের পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজলিমুর রহমান জানান, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন সাখাওয়াত হোসেন। পথিমধ্যে মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাখাওয়াত হোসেন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত খলিল সরদারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।