বিজ্ঞাপন শিল্প কর্মী সুরক্ষায় বিবিএওএ কর্মশালা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ এএম

বিলবোর্ড বিজ্ঞাপন শিল্পে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর ব্যবহার, ঝুঁকি মোকাবিলায় নিয়মিত তদারকি বাড়াতে দিনব্যাপী কর্মশালা করেছে বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন (বিবিএওএ)। গতকাল বৃহস্পতিবার ‘নিরাপদ কর্মক্ষেত্র, সুস্থ কর্মী : নিরাপদ আউটডোর বিজ্ঞাপন শিল্প’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিবিএওএ’র সভাপতি মিজানুর রহমান।  সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী সঞ্চালনায় কর্মশালায় বিশেষ নির্দেশিকা উপস্থাপন ও নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা দেবব্রত।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বলেন, বিলবোর্ড স্থাপন, মেরামত ও বিজ্ঞাপনের ডিজিটাল প্রিন্ট পরিবর্তনের মতো কাজে উচ্চতা থেকে পড়ে যাওয়া, বৈদ্যুতিক দুর্ঘটনা, অগ্নিকা- ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এসব দুর্ঘটনা প্রতিরোধে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তাই এসব কাজে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মালিক ও কর্মীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। কর্মীদের নিরাপত্তাসামগ্রী ব্যবহারে অভ্যস্ত হতে হবে এবং নিজেদের ও পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান পরিবারসহ সব জায়গায় কাজে লাগিয়ে আউটডোর বিজ্ঞাপন শিল্পে নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের নগর ও মহাসড়কে বিলবোর্ড, ডিজিটাল বিলবোর্ড, এলইডি স্ক্রিন, নিয়ন সাইন, ইউনিপোলসহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন কাঠামোর ব্যবহার বাড়ছে। এসব স্থাপন, রক্ষণাবেক্ষণ ও প্রচারসামগ্রী পরিবর্তনের কাজে নিয়োজিত কর্মীদের অনেক সময় ৩০ থেকে ৫০ ফুট উচ্চতায় কাজ করতে হয়। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়া এসব কাজ প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। এ কারণে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ জরুরি।

আয়োজকরা মনে করেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং একটি দায়িত্বশীল ও টেকসই বিজ্ঞাপনশিল্প গড়ে তোলার পূর্বশর্ত। এ জন্য এফবিসিসিআই, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে বিবিএওএ’র সভাপতি মিজানুর রহমান বলেন, সদস্য প্রতিষ্ঠানগুলো নিজস্ব নিরাপত্তানীতি গ্রহণ করবে, কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী সরবরাহ করবে এবং নিয়মিত নিরাপত্তা প্রশিক্ষণ ও পরিদর্শনের ব্যবস্থা চালু রাখবে। ব্যবসায়িক কাজের সময়সীমার চেয়ে কর্মীর জীবন ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আউটডোর বিজ্ঞাপন শিল্পকে আরও নিরাপদ করে তোলার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত