সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে দফায় দফায় মারধর এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে পুনরায় মারধরের পর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট (এইচআরএসএস)। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এইচআরএসএস।
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ বিষয়ে বিবৃতি দিয়েছে সংস্থাটি।
গণমাধ্যমের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর প্রথম দফায় মারধরের শিকার শামীমকে পুলিশ উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু পরবর্তী সময়ে একদল ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে তাকে মারধর করেন এবং সেখান থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে পুনরায় আঘাত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালের মতো চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার স্থানে চিকিৎসাধীন একজন ব্যক্তির ওপর এ ধরনের হামলা আইনের শাসন, মানবিক মর্যাদা এবং জীবনের অধিকারের প্রতি চরম অবজ্ঞার শামিল।
এইচআরএসএস মনে করে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননা বা অন্য কোনো অপরাধের অভিযোগ উঠলেও তাকে গণপিটুনি দেওয়া, শারীরিক নির্যাতন করা কিংবা হত্যা করার কোনো অধিকার ব্যক্তি বা গোষ্ঠীর নেই। অপরাধের অভিযোগের বিচার করার দায়িত্ব আদালত ও আইনানুগ কর্তৃপক্ষের।
বিবৃতিতে এইচআরএসএস'র বলেছে, এ ঘটনায় প্রশাসনের দায়িত্ব পালন নিয়েও গুরুতর প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রথম দফায় হামলার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। এরপর কীভাবে বিপুলসংখ্যক ব্যক্তি হাসপাতালের ওয়ার্ডে প্রবেশ করে চিকিৎসাধীন একজন ব্যক্তিকে পুনরায় মারধর করতে পারলেন, তাকে নিরাপদ হেফাজতে রাখা ও চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং হামলাকারীদের প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা কী ছিল—এসব বিষয় নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে স্পষ্ট করতে হবে।
পাশাপাশি প্রশাসনের দায়িত্ব পালনে কোনো গাফিলতি, নিষ্ক্রিয়তা বা সমন্বয়হীনতা ছিল কি না, তা খতিয়ে দেখে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
এইচআরএসএস আরও মনে করে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও বা কোনো অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলেও তা আইন নিজের হাতে তুলে নেওয়ার অজুহাত হতে পারে না।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এইচআরএসএস বেশকিছু দাবি জানিয়েছে। এর মধ্যে ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা, হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব ব্যক্তিকে শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংস্থাটি।