নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা রানী বিশ্বাস সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের গণেশ সরকারের স্ত্রী। পেশায় তিনি একজন রংমিস্ত্রি।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মুক্তা রানী সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজে রওনা হন। মুক্তা তার এক সহকর্মীর মোটরসাইকেলের পেছনে বসে যাচ্ছিলেন। পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুক্তা ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শারদীয় দুর্গোৎসবের প্রথম দিনে মুক্তা বিশ্বাসের মৃত্যুতে পরিবারসহ আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত