সঠিক নিয়ত, বৈধ পেশা এবং নৈতিকতার সমন্বয়ে কর্মজীবন ইবাদতে পরিণত হয়। ইসলাম মানুষকে কর্মবিমুখতা শেখায় না। ইসলাম শেখায় পরিশ্রম, দক্ষতা, দায়িত্বশীলতা এবং হালাল উপার্জনের উপায় অবলম্বনে করতে। সুতরাং একজন মুসলমানের কাছে ক্যারিয়ার হতে পারে দুনিয়াবি সফলতার পাশাপাশি আখেরাতের পাথেয় অর্জনেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। একজন মানুষ কী কাজ করছে, কী উদ্দেশ্যে করছে এবং তার কাজের প্রভাব কী, সবই ইসলামি মূল্যবোধের আলোকে বিবেচ্য।
নিয়ত কর্মের প্রাণ : কোনো কাজের মূল্যায়নে নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি)
চিকিৎসক মানুষের চিকিৎসা করেন, শিক্ষক জ্ঞান বিতরণ ও প্রজন্ম গঠন করেন, কৃষক মানুষের খাদ্যের ব্যবস্থা করেন, এসব ক্ষেত্রে যদি তারা মহান আল্লাহর সন্তুষ্টির নিয়ত করেন, তাহলে তাদের বৈধ পেশাগত কাজও সওয়াবের কারণ হবে।
হালাল উপার্জনের মর্যাদা : ইসলাম হালাল উপার্জনকে অত্যন্ত মর্যাদা দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিজ হাতে উপার্জনের চেয়ে উত্তম খাবার কেউ খায়নি। (সহিহ বুখারি)
এ হাদিস কর্মের মর্যাদা ও আত্মনির্ভরতার অনন্য দৃষ্টান্ত। চাকরি, ব্যবসা, কৃষি, কারিগরি কাজ, শিক্ষকতা, চিকিৎসা, সাংবাদিকতা কিংবা অন্য যেকোনো বৈধ পেশা যদি সৎভাবে পরিচালিত হয়, তবে তা সম্মানজনক জীবিকার মাধ্যম।
দক্ষতা অর্জনও দায়িত্ব : আধুনিক যুগে ক্যারিয়ার গঠনের জন্য জ্ঞান ও দক্ষতা অপরিহার্য। একজন মুসলিমের উচিত, নিজের কাজকে আমানত হিসেবে গ্রহণ করা। সময়মতো দায়িত্ব পালন, কাজের প্রতি আন্তরিকতা, নিয়ম-শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও সততা কর্মজীবনের সাফল্যের উপাদান এবং এগুলো ইসলামি নৈতিকতারও অংশ। অন্যদিকে ঘুষ, প্রতারণা, মিথ্যা তথ্য, জালিয়াতি, অন্যের অধিকার নষ্ট করা কিংবা দায়িত্বে অবহেলা করে অর্জিত অর্থ হালাল ক্যারিয়ারের অংশ নয়।
পেশা হোক কল্যাণের মাধ্যম : মানুষের উপকার করা মহৎ কাজ। তাই ক্যারিয়ারকে যদি কেবল ব্যক্তিগত সম্পদ ও খ্যাতি অর্জনের মাধ্যম না বানিয়ে মানুষের কল্যাণের মাধ্যম করা যায়, তাহলে কর্মজীবন আরও অর্থবহ হয়ে ওঠে। একজন শিক্ষক জ্ঞান দিয়ে, চিকিৎসক চিকিৎসাসেবা দিয়ে, কৃষক খাদ্য উৎপাদন করে, প্রকৌশলী অবকাঠামো নির্মাণ করে, সাংবাদিক সত্য ও দায়িত্বশীল তথ্য তুলে ধরে সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষের কাজ আল্লাহর দৃষ্টির বাইরে নয়। সুতরাং কর্মজীবনে সাফল্যের পাশাপাশি দায়িত্ববোধ ও জবাবদিহির চেতনাও থাকা প্রয়োজন।
ক্যারিয়ার ও ইবাদতের ভারসাম্য : ক্যারিয়ার গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যারিয়ার যেন মানুষকে তার স্রষ্টার স্মরণ থেকে দূরে না সরিয়ে দেয়, এটা খেয়াল রাখতে হবে। অর্থ, পদমর্যাদা ও প্রতিষ্ঠা অর্জনের প্রতিযোগিতায় যদি নামাজ, নৈতিকতা, পরিবার ও মানবিক দায়িত্ব বিসর্জন দিতে হয়, তবে সেই সাফল্য পূর্ণাঙ্গ সাফল্য নয়।
একজন মুমিনের আদর্শ হলো, সে দুনিয়ার প্রয়োজন পূরণ করবে, দক্ষতা অর্জন করবে, হালাল জীবিকা উপার্জন করবে, একই সঙ্গে আল্লাহর বিধান মেনে চলবে। অর্থাৎ কর্মক্ষেত্র হবে তার দায়িত্ব পালনের জায়গা, আর হৃদয়ে থাকবে আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা।
তরুণদের জন্য শিক্ষা : বর্তমান সময়ে তরুণদের ক্যারিয়ার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন পেশায় বেশি অর্থ পাওয়া যায়, এমন চিন্তার পরিবর্তে কোন পেশা বৈধ, নিজের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মানুষের জন্য কল্যাণকর, তা বিবেচনা করা উচিত।
জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন, সময়ের সদ্ব্যবহার, সততা ও পরিশ্রম মানুষকে সফল পেশাজীবী করে তুলে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবেও প্রতিষ্ঠিত করে। ক্যারিয়ার তখনই ইবাদতে পরিণত হয়, যখন পেশা হয় হালাল, কর্ম হয় সৎ, নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি এবং কাজের মাধ্যমে মানুষের কল্যাণ সাধিত হয়।
প্রকৃত সাফল্য হলো, দুনিয়ায় সম্মানজনক ও সৎ জীবনযাপন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। সেই লক্ষ্যেই ক্যারিয়ারকে যদি ইবাদতের পথে পরিচালিত করা যায়, তবে কর্মজীবনের প্রতিটি বৈধ ও কল্যাণকর প্রচেষ্টাই নেক আমল হেসেবে গণ্য হবে।
লেখক : শিক্ষক ও ইসলামি গবেষক