কুমিল্লার মুরাদনগরে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে শ্রীকাইল ইউনিয়নের সলপা ইসলামপুর এলাকার পাণ্ডব আলী শাহ মাজারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর এলাকার মনু মিয়ার ছেলে জামান মিয়া (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি এলাকার আব্দুর রশিদের ছেলে মো. অলি (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের নির্দেশনায় এসআই মোহাম্মদ রবিউল ইসলাম, এসআই ফয়সাল সরোয়ার ও এসআই বিনোধ দস্তগীরসহ পুলিশের একটি দল পাণ্ডব আলী শাহ মাজারের সামনে অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।