জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সরকার শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকার যেকোনো সময়ের তুলনায় শিক্ষা খাতে বেশি গুরুত্ব দিচ্ছে এবং বরাদ্দ বাড়িয়েছে।
তিনি বলেন, আগের আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। পাসের হার বেশি দেখানোর জন্য পরীক্ষায় অংশ নিলেই শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হয়েছে। সামান্য লিখেই অনেকে জিপিএ-৫ পেয়েছে। যারা বাংলা ও ইংরেজিতে ভালোভাবে ঠিকানা লিখতে পারে না, তারাও জিপিএ-৫ বা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে—এটি জাতির জন্য অত্যন্ত হতাশাজনক।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম এবং মাধনগর ইউনিয়ন বিএনপির নেতা মাতিনুর রহমান।
এদিকে, শনিবার দুপুরে নাটোর জেলা কাজী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু বলেন, দেশে অনেক কাজী সরকারি নিয়মনীতি অনুসরণ না করে বাল্যবিয়ে দিচ্ছেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের আইন ও শৃঙ্খলা মেনে সব কাজীকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, এ দেশ সবার। তাই দেশকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।