১০০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। শিশুর চিৎকার শুনে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার (১৭ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম রুহুল আমিন বাবু (৫৭)। তিনি কালিয়াকৈর উপজেলার জালশুকা প্রকাশ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর বলে জানা গেছে।

এলাকাবাসী, শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে কালিয়াকৈর উপজেলার জালশুকা প্রকাশ এলাকায় একটি মেলা শুরু হয়। অন্যদের সঙ্গে সহপাঠীদের নিয়ে বাড়ির পাশের ওই মেলায় ঘুরতে যায় স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী।

অভিযোগ অনুযায়ী, এ সময় শিশুটিকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যান রুহুল আমিন বাবু। সেখানে নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত বৃদ্ধ বাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

শিশুর চিৎকার শুনে বিষয়টি টের পান আশপাশের লোকজন। তারা ধাওয়া দিয়ে অভিযুক্তকে আটক করেন এবং গণপিটুনি দেন। পরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনায় পরদিন আজ শনিবার কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। পরে গ্রেপ্তার রুহুল আমিন বাবুকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।

এদিকে, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত