মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন ছাত্রদল নেতা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সংগঠনের সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে জহিরুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি নূরুজ্জামান সোহেল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, বর্তমান যুগে প্রযুক্তির অপব্যবহার সম্ভব। তবে ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে তিনি কিছু জানেন না। তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও পরবর্তী সময়ে সঠিক তদন্ত ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পরপরই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জহিরুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানা গেছে। পরবর্তী সময়ে একটি তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ যাচাই-বাছাইয়ের মাধ্যমে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত