জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী : মেয়র শাহাদাত

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

রেইনবো নেশন বা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের বার্তা নিয়ে তিনি জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, যেখানে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। রেইনবো নেশনের এই ধারণা বাস্তবায়নের মধ্য দিয়ে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। পরিদর্শনের পর তিনি ৫০০ সনাতনী নারীর হাতে পূজার উপহারসামগ্রী তুলে দেন। চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এসময় উপস্থিত ছিলেন ।

দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে গৃহিত কার্যক্রম তুলে ধরে মেয়র বলেন, নগরীতে পূজা উদযাপন সুন্দরভাবে শুরু হয়েছে এবং চলছে। এর মূলে রয়েছে পূজামণ্ডপের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে আমি সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসে কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সেসব সিদ্ধান্তের আলোকে চসিকের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা কাজ করছেন। আমি সবাইকে নিয়ে পুরো কার্যক্রম পরিকল্পনামাফিক কাজ করছি।

তিনি জানান, মহানগরীর ১৬টি থানার অন্তর্গত ২৯৪টি পূজামণ্ডপকে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া জে এম সেন হল পূজামণ্ডপকে পাঁচ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশনের পূজা উদ্‌যাপন পরিষদের জামালখানস্থ কুসুমকুমারী পূজামণ্ডপকে ১৫ লাখ টাকা এবং সিটি কর্পোরেশনের চারটি সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের জন্য প্রতিটি কলোনিতে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ৩৬ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর

যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, গিয়াস উদ্দিন ভূইয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত