উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা ও তাদের অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আটটি জেলার ৬৪টি উপজেলা থেকে এসব আবেদন পাওয়া গেছে। আগামী ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আবেদন গ্রহণ শুরু হবে।
বাংলাদেশ ব্যাংক শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আট জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় আবেদন গ্রহণ করা হয়। কর্মসূচির প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
জেলাভিত্তিক আবেদনের হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোণায়। এ জেলায় আবেদন করেছেন ৫ হাজার ৩৫১ জন। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে।
উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে অর্থায়নের আওতায় আনা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি এ কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে উদ্ভাবনী উদ্যোগের প্রসার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক।
কর্মসূচির নীতিমালা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাবে।