গোমতীর পাড়ে রাতের আঁধারে জোড়া সাপের রহস্যময় দৃশ্য

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

কুমিল্লার গোমতী নদীর বাঁধের পাড়ে কফি হাউজ সংলগ্ন সড়কে রাতের অন্ধকারে দুটি বিষধর সাপের অদ্ভুত ও নান্দনিক চলাফেরা বা মিলনের দৃশ্য দেখা গেছে। সাপগুলোর এই বিরল দৃশ্য দেখতে স্থানীয় উৎসুক মানুষেরা ভিড় জমান।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে গোমতী নদীর জগন্নাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নীরব সড়কে হঠাৎ করেই সাপ দুটিকে পাশাপাশি ও একে অপরের সঙ্গে পেঁচিয়ে চলতে দেখা যায়। এ সময় উপস্থিত জনতা আলো ফেলে সাপ দুটির সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন। উৎসুক লোকজনকে নানা মন্তব্য করতে এবং নিরাপদে দূরে সরে থাকতে দেখা যায়। পরে সাপ দুটি ধীরে ধীরে রাস্তা অতিক্রম করে পার্শ্ববর্তী ঝোপঝাড়ের দিকে চলে যায়।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাপ দুটির ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সড়কের মাঝে সাপের এমন মুক্তবিচরণ দেখে পথচারী ও আশপাশের লোকজন মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে দূরে দাঁড়িয়ে অনেকেই নিজ নিজ মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে দৃশ্যটি দেখার চেষ্টা করেন।

এ বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, তারা কফি খেতে এসে হঠাৎ দেখেন রাস্তায় অনেকেই এক জায়গায় দাঁড়িয়ে ফিসফিস করছেন। কাছে গিয়ে টর্চের আলোতে দুটি বড় সাপ দেখতে পান। কিছুটা ভয় লাগলেও দৃশ্যটি সত্যি খুব বিরল ছিল।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এটি মূলত সাপের প্রজনন মৌসুমের স্বাভাবিক আচরণ কিংবা দুটি পুরুষ সাপের সীমানা দখলের লড়াই। এটি কোনো কৌশল বা জাদুকরী খেলা নয়, বরং সম্পূর্ণ প্রাকৃতিক একটি জৈবিক প্রক্রিয়া। মানুষ অযথা আতঙ্কিত হয়ে আক্রমণ না করলে সাধারণত সাপ নিজের থেকেই দূরে সরে যায়। এই ঘটনায় এলাকায় কিছুক্ষণের জন্য চাঞ্চল্য সৃষ্টি হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত