চট্টগ্রামে পাঁচ প্রতিষ্ঠান মালিককে জরিমানা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে পাঁচ প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, ক্ষতিকর কেমিক্যাল বিক্রি ও অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ওই সব প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। শনিবার (১৭ অক্টোবর) বায়েজিদের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

অভিযান সূত্রে জানা যায়, বায়েজিদ এলাকার ‘মেসার্স মনোয়ারা কর্পোরেশন (অনন্যা ট্রেড সেন্টার)’ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছিল এবং দোকানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করেনি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ‘এআর ট্রেডার্স’ নামের অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ‘সুলতান পাইকারি বাজার’ নামের একটি প্রতিষ্ঠানে খাবারে ব্যবহারের জন্য নিষিদ্ধ কেমিক্যাল যুক্ত গোলাপ জল ও কেওড়া জল বিক্রি, ক্ষতিকর রং এবং অনুমোদনহীন ঘি বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের দায়ে ‘শাহী চট্টগ্রাম ওরস বিরিয়ানি’কে ১৫ হাজার টাকা এবং একই অপরাধে ‘বনফুল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, খাবারে ক্ষতিকর উপাদান মিশ্রণ রোধ, অসাধু উপায় অবলম্বন বন্ধ এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকারের এম অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত