ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছর আগে এক শিশুকে যৌন নিপীড়নের মামলায় প্রতিবেশী কামরুলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকার চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম জানান, সাজাপ্রাপ্ত আসামি কামরুল দক্ষিণ কেরাণীগঞ্জের নতুন বাক্তারচর এলাকার মৃত সিরাজের ছেলে। বর্তমানে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার বিবরণ:
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের নতুন বাক্তারচরে মা ও ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে ভুক্তভোগী শিশুটি। ওই দিন আসামি কামরুল শিশুটিকে খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালান। পরবর্তীতে স্থানীয়রা কামরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার দিনই শিশুটির মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে একই বছরের ১ মে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করেন আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনাল মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।