পাঁচ বছর পর জামালের গোল

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ এএম

আগের দিন জয় পেয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। আরেক বড় দল আবাহনীও জয়ের ধারাতেও থাকল। গতকাল শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এদিকে ঘরোয়া লিগে পাঁচ বছর পর গোলের দেখা পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু গোল পেলেও দলকে জয়ের মুখ দেখাতে পারেননি তিনি।

শনিবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। সাত পয়েন্ট নিয়ে এগিয়েছে দলটি। আবাহনীর হয়ে গোল করেছেন মাইকেল বাবাতুন্দে, অ্যান্থনি ওকাচি ও মোহাম্মদ আল আমিন। চট্টগ্রাম সিটির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল ওডোইন।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লিগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ব্রাদার্স। ৩৬ বছর বয়সী মিডফিল্ডার জামাল ভূঁইয়া ম্যাচের ৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্রাদার্সকে এগিয়ে দেন। শীর্ষ লিগে এটি জামালের পঞ্চম গোল। যদিও পাঁচ বছর পর ফের লিগে গোলের দেখা পেলেন তিনি। সবশেষ ২০২১ সালে ঘরোয়া লিগে অধুনালুপ্ত ক্লাব সাইফ স্পোর্টিংয়ের হয়ে আরামবাগের বিপক্ষে গোল করেছিলেন জামাল। তবে তার সেই গোলে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাদার্স। ১০ মিনিট পর পেনাল্টি থেকে রহমতগঞ্জকে সমতায় ফেরান নেপালের অভিষেক লিম্বু। বিরতির ঠিক আগে সৈয়দ রেজার গোলে আবারও এগিয়ে যায় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে সাজ্জাদ হোসেন গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে উঠেছে রহমতগঞ্জ। দুই পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে ব্রাদার্স।

দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের লড়াইও ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৩০ মিনিটে রব্বি হোসেন রাহুলের গোলে এগিয়ে যায় পুলিশ। বিরতির ঠিক আগে সমতা ফেরান সমর জয় তঞ্চঙ্গ্যা। পয়েন্ট হারালেও চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত