মোস্তাফিজদের পরীক্ষা নিলেন আরভিনরা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ এএম

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে গতকাল শুরুতেই তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। তবে সেই ধাক্কা সামলে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেন ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেইলর। অভিজ্ঞ দুই ব্যাটারের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় তারা। তবে সেঞ্চুরির পথে ছোটা আরভিন-টেইলর দুজনেই আক্ষেপ নিয়ে ফেরেন। এতে বড় দলটির বড় সংগ্রহের স্বপ্নে ধাক্কা লাগে। কোনোরকম আড়াইশ পার করে ২৭১ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।  

আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের শিকার হন ব্রায়ান বেনেট (০)। এলবিডব্লিউর সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। নিজের তৃতীয় ওভারে আবারও আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার বেন কারান (৬)। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিলেও লাভ হয়নি। কিছুক্ষণ পর তাফাদজা সিগাকে (১৬) উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন। দলীয় ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। তবে হাল ছাড়েনি সিকান্দার রাজার দল।

অভিজ্ঞ আরভিন ও টেইলর দায়িত্ব কাঁধে তুলে নেন। উইকেটে থিতু হয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। একদিকে উইকেট আগলে রেখে ইনিংস এগিয়ে নেন আরভিন, অন্যদিকে টেইলরও রান তোলার গতি সচল রাখেন। তাদের প্রতিরোধে শুরুর দাপট ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে ব্যক্তিগত অর্জনে নতুন মাইলফলক স্পর্শ করেন টেইলর। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রানের মালিক অ্যান্ডি ফ্লাওয়ারের চেয়ে ৩০ রান পিছিয়ে ছিলেন ৪০ বছর বয়সী এই ব্যাটার। ১৬তম ওভারে মোসাদ্দেক হোসেনের বলে বাউন্ডারি মেরে ফ্লাওয়ারকে ছাড়িয়ে যান তিনি। অ্যান্ডি ফ্লাওয়ারের ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়েছিল ৬ হাজার ৭৮৬ রানে।

এদিকে, ফিফটি করার পর একবার বেঁচে যান আরভিন। রিশাদ হোসেনের ওভারের শেষ বলে ব্যাটে খেলতে পারেননি তিনি। বাংলাদেশের বোলাররা এলবিডব্লিউর জোরালো আবেদন করলেও লিটন দাস অসুস্থ থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করা তাওহীদ হৃদয় রিভিউ নেননি। পরে রিপ্লেতে দেখা যায়, বল আঘাত করত অফ-মিডল স্টাম্পের ওপরের অংশে। সুযোগ পেয়ে দেড়শ রানের জুটি গড়েন আরভিন-টেইলর। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে আক্রমণে এসে এই জুটি ভাঙেন সাইফ হাসান, ফেরান ৮১ রান করা টেইলরকে। নিজের করা দ্বিতীয় ওভারে রাজাকে আউট করেন এই অফ স্পিনার। সেখানই জিম্বাবুয়ের বড় রানের পুঁজির স্বপ্নে ধাক্কা লাগে। আরভিন শরীফুলের বলে ৯৩ রানে আউট হলে পরের ব্যাটারদের ছোট ছোট অবদানে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান করে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি এবং সাইফ ও শরীফুল ২টি করে উইকেট নেন।

ছিটকে গেলেন লিটন : ত্রিদেশীয় সিরিজে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। নিতম্বের চোটে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার পরিবর্তে সিরিজের বাকি অংশের জন্য দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। গতকাল সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসের সময় লিটনের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। তার জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দেন তাওহীদ হৃদয়। ওয়ানডেতে দেশের ১৮তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আগের দিন সংবাদ সম্মেলনে লিটনের চোটের বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ডান নিতম্বের জোড়ায় অস্বস্তির কারণে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে। সেদিনই পরীক্ষা-নিরীক্ষার ফলের ভিত্তিতে পুরো সিরিজ থেকেই ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘লিটন গতকাল (শুক্রবার) ডান নিতম্বের জয়েন্টে একটা অভিযোগ করার কারণে এমআরআই করিয়েছি। এমআরআই রিপোর্টে এসেছে যে ওর একটু সমস্যা আছে। শনিবার তারপরও একটু চেষ্টা করেছিল ফিটনেস টেস্টের, চেষ্টা করেছে যে পারা যায় কি না। তো সে এভেইলেবল না। যতটুকু মানদণ্ড আছে... আমরা যতটুকু চাই, সেটিতে পৌঁছাতে পারেনি সে। তাই এই সিরিজে তার খেলা হবে না।’

এই সিরিজ দিয়েই পূর্ণাঙ্গ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে লিটনের পথচলা শুরুর কথা ছিল। চোটের কারণে তা পিছিয়ে গেল। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজেও চোটের কারণে খেলতে পারেননি তিনি। এদিকে, গত তিন দিন ধরে জ্বরে ভোগায় প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। তবে সিরিজের বাকি অংশ তাকে পাওয়া যাবে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত