বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ও উদ্বেগ মধ্যদিয়ে এ বছরের বার্ষিক সম্মেলন শেষ হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। গতকাল শনিবার ব্যাংককে সম্মেলনের সমাপনী পর্বে বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধির ধাক্কায় বিপাকে পড়া নিম্ন আয়ের দেশগুলোকে সহায়তা করা আইএমএফের দায়িত্ব। আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিএসএস।
চলতি সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, বন্ডের সুদের হার বৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল আলোচনার প্রধান বিষয়। সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জর্জিয়েভা বলেন, ‘সম্মেলনে আশাবাদ ও উদ্বেগ দুই ধরনের মনোভাবই প্রতিফলিত হয়েছে। বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা, এআইয়ের সম্ভাবনা ও এশিয়ার গতিশীলতা আশাবাদ জুগিয়েছে। তবে এআই একই সঙ্গে উদ্বেগেরও কারণ। এ ছাড়া মূল্যস্ফীতি, ঋণের উচ্চ মাত্রা, যুদ্ধ ও জলবায়ুজনিত ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে।’
পুরো সপ্তাহজুড়েই আইএমএফ সতর্ক করে বলেছে, উন্নত অর্থনীতির দেশগুলোতে ঋণের উচ্চমাত্রা ও বন্ডের সুদের হার বৃদ্ধি আর্থিক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মনোযোগ দিতে হচ্ছে, যার জন্য সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের মিত্রদের লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেয়। এতে তেল ও গ্যাসের সরবরাহও ব্যাহত হয়।
জর্জিয়েভা বলেন, ‘আমরা যখন যথাসাধ্য চেষ্টা করি, তখন তার সুফল মানুষের জীবনযাত্রার উন্নতির মধ্য দিয়ে প্রকাশ পায়।’
এআই খাতে বিনিয়োগের ব্যাপক উত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘সদস্যদেশগুলো স্বীকার করেছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রবৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট চালিকাশক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ। যখন আমরা প্রবৃদ্ধির একটি নির্দিষ্ট চালিকাশক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ি, তখন তা এক পায়ে দাঁড়িয়ে থাকার মতো।’
এ বছরের সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল, ‘এআই প্রযুক্তির সবচেয়ে উন্নত মডেলগুলোর ওপর নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা আরোপ করা প্রয়োজন কি না। স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই এজেন্টের সঙ্গে জড়িত সাম্প্রতিক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি আরও জরুরি হয়ে উঠেছে।’