ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসক আটক হয়েছে। তার নাম রাকিব হোসেন (২৫) বলে জানা গেছে।
রবিবার(১৮অক্টোবর) দুপুরে হাসপাতালটির জরুরি বিভাগের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে আটক করে আনসার সদস্যরা।
প্রত্যক্ষদর্শী জরুরি বিভাগের কয়েকজন সিনিয়র স্টাফ নার্স জানান, দুপুরে ওই যুবক গলায় স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে জরুরি বিভাগের ৪ নম্বার রুমের অপারেশন থিয়েটারের সামনে এসে নার্সদের কাছে এক চিকিৎসকের খোঁজ জানতে চাচ্ছিলেন। তখন দায়িত্বরত নার্সদের সন্দেহ হলে ওই যুবকের পরিচয় জানতে চান। তখন তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক বলে পরিচয় দেন। তবে তার পোশাক ও আচরণ দেখে সন্দেহ আরও বাড়লে এক রোগীর চিকিৎসাপত্র পড়তে দেয়া হয় তাকে। তখন তিনি সেটি পড়তে না পেরে নিজেকে আবার নার্স পরিচয় দেন। তখন তার নার্সিং কলেজের নাম ঠিকানাও জানতে চাইলে সেটিও বলতে পানেননি। এরপরই তাকে দায়িত্বরত আনসারদের হাতে তুলে দেয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, আনসারদের হাতে আটক হওয়ার পর ওই প্রতারককে হাসপাতাল পরিচালক পুলিশ হেফাজতে নিতে বলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, আটক হওয়া ভুয়া চিকিৎসক নিজের নাম রাকিব হোসেন বলে জানিয়েছেন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। বাবার নাম ফারুক হোসেন। বর্তমানে ঢাকার সাভারে থাকেন। ওই যুবকের ভাই হাসপাতালে ভর্তি বলে জানা গেছে।