পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় স্বপন ফকির (৩৮) নামে এক আসামি পালিয়ে যান। রবিবার (১৮ অক্টোবর) সাঁথিয়া থানার করমজা ও সিলন্দা এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে সাঁথিয়া থানার করমজা মধ্যপাড়া এলাকায় ইছামতী নদীসংলগ্ন একটি দোচালা ঘরের পেছনে অভিযান চালায় ডিবির বিশেষ দল। এ সময় শাকিল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার পরনের প্যান্টের পকেটে থাকা সিগারেটের প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। শাকিল করমজা মধ্যপাড়া এলাকার আলম মোল্লার ছেলে।
অন্যদিকে, একই দিন রাতে সিলন্দা বড় মসজিদপাড়া এলাকায় পলাতক আসামি স্বপন ফকিরের বাড়ির উঠানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সবুজ প্রামাণিক (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্বপন ফকির কৌশলে পালিয়ে যান।
পরে সবুজের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া পলাতক স্বপন ফকিরের ফেলে যাওয়া একটি শপিং ব্যাগ থেকে ১০০ গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৪ হাজার টাকা জব্দ করা হয়।
সবুজ প্রামাণিক সাঁথিয়া থানার আটিয়াপাড়া এলাকার ইয়াকুব প্রামাণিকের ছেলে। পলাতক স্বপন ফকির সিলন্দা এলাকার মৃত ময়েন ফকিরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে পাবনার বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সাঁথিয়া ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে। মাদক নির্মূলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।