জনসেবা ও উন্নয়নকাজ তদারকিতে পিরোজপুরে এমপি মাসুদ সাঈদী

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম

জনসেবা নিশ্চিত করা, সরকারি দপ্তরের কার্যক্রম তদারকি এবং নির্বাচনী এলাকার উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনায় ১২ দিনের সফরে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। 

চলতি মাসের ৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সফরে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, পরিচ্ছন্নতা অভিযান এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

সফরকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মাসুদ সাঈদী। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযানেও অংশ নেন তিনি।

পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে জনসেবার মান বাড়ানো এবং মানুষের প্রত্যাশা পূরণের বিষয়ে আলোচনা করেন সংসদ সদস্য। জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধ, শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, মাদক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং মসজিদে ধর্মীয় আলোচনায় অংশ নেন মাসুদ সাঈদী। পাশাপাশি নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও কাজের মান পরিদর্শন করেন তিনি।

সফর সম্পর্কে মাসুদ সাঈদী বলেন, নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনটি উপজেলায় চলমান উন্নয়নকাজ নিয়মিত তদারকি করছেন। বন্ধ বা অসমাপ্ত প্রকল্প পুনরায় চালুর জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এই সংসদ সদস্য।

এদিকে তার সফর ও বিভিন্ন কর্মসূচি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা চলছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের মতে, সংসদ সদস্যের নিয়মিত এলাকায় যাতায়াত এবং সরকারি দপ্তরের কার্যক্রম তদারকি জনসেবার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত